জাতীয়

১ জুলাই শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি

আপডেট: এপ্রি ১৫, ২০২৬ : ০৫:৪০ এএম
১ জুলাই শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি

আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচির আওতায় প্রাথমিক বিদ্যালয়ের অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বুধবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের দক্ষতা বাড়াতে সরকার বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩ লাখ ৭৬ হাজার শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে চলমান ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ইতোমধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নতুন কর্মসূচি চালুর মাধ্যমে অবশিষ্ট শিক্ষকদেরও পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনা হবে।
অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন ও সুনীল অর্থনীতির বিকাশে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। প্রয়োজনে ভবিষ্যতে এ খাতের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
তিনি বলেন, সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে মেরিটাইম স্পেশাল প্ল্যানিংসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মৎস্য, পর্যটন ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রেখে উন্নয়ন সম্ভব হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!