জাতীয়

৫ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ

আপডেট: এপ্রি ১৬, ২০২৬ : ০৫:১৮ এএম
৫ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের শূন্য পদ পূরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। এই পরিকল্পনার আওতায় আগামী পাঁচ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি পৃথক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে ৬ মাসের মধ্যে ২ হাজার ৮৭৯টি এবং ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’—এই লক্ষ্য বাস্তবায়নে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের সর্বশেষ নিয়োগ পরিস্থিতি এবং শূন্যপদের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪’ অনুযায়ী দেশে সরকারি বিভিন্ন দপ্তরে মোট শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি।

এর মধ্যে ১ম থেকে ৯ম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি, ১০ম থেকে ১২তম গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, ১৩তম থেকে ১৬তম গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং ১৭তম থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি শূন্যপদ রয়েছে। এছাড়া অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক পদ মিলিয়ে আরও ৮ হাজার ১৩৬টি শূন্যপদ রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!