জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন জোগাড়ে ত্রিদেশীয় সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তুরস্ক, বেলজিয়াম ও ইথিওপিয়া সফরে কূটনৈতিক তৎপরতা জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৭ থেকে ১৯ এপ্রিল তুরস্ক সফর করবেন মন্ত্রী। এ সময় আঙ্কারায় অনুষ্ঠিতব্য ‘আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম’-এ অংশ নেবেন তিনি। পরে ১৯ এপ্রিল বেলজিয়ামের ব্রাসেলসে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সফরের শেষ ধাপে তিনি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গিয়ে আফ্রিকান ইউনিয়নের সদস্য দেশগুলোর সমর্থন চাইবেন।
তুরস্ক সফরে পররাষ্ট্রমন্ত্রী ফোরামের ফাঁকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পাশাপাশি অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গেও সাক্ষাতের সুযোগ কাজে লাগাতে চান তিনি।
ব্রাসেলস সফরে ২০ এপ্রিল ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কালা কালাস–এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির (পিসিএ) প্রাথমিক প্রক্রিয়ায় সই হবে। একই সঙ্গে জাতিসংঘের আসন্ন নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ইইউ’র সমর্থন চাওয়া হবে।
সফরের শেষ ধাপে আদ্দিস আবাবায় অবস্থানকালে আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তরে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে বিদেশি মিশনপ্রধানদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনায় অংশ নিয়ে বাংলাদেশের পক্ষে ভোট চাইবেন তিনি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনে সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। আগামী জুনে অনুষ্ঠেয় এই নির্বাচনে জয় পেতে সরকার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে।
পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে তার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
উল্লেখ্য, সর্বশেষ ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। এবার আবারও সেই পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!