জাতীয়

অধিবেশনে শৃঙ্খলা ভঙ্গ: ফোনে কথা ও ফ্লোর ক্রসে ক্ষোভ, সতর্ক ডেপুটি স্পিকার

আপডেট: এপ্রি ১৬, ২০২৬ : ০৫:৩০ এএম
অধিবেশনে শৃঙ্খলা ভঙ্গ: ফোনে কথা ও ফ্লোর ক্রসে ক্ষোভ, সতর্ক ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের মোবাইল ফোনে কথা বলা এবং স্পিকারের সঙ্গে আলোচনার সময় মাঝখান দিয়ে চলাচলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি এ ধরনের আচরণ পরিহারের জন্য সদস্যদের সতর্ক করেছেন।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে এ ঘটনা ঘটে। অধিবেশন চলাকালে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু করলে ডেপুটি স্পিকার তার বক্তব্য থামিয়ে চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন।

ডেপুটি স্পিকার বলেন, সংসদ কক্ষে অনেক সদস্য ফোনে কথা বলছেন, যার শব্দ বক্তৃতা দেওয়া ও শোনার ক্ষেত্রে বিঘ্ন ঘটাচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান তিনি।

এর জবাবে চিফ হুইপ নুরুল ইসলাম সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, সংসদ কক্ষে ফোনে কথা না বলার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। প্রয়োজনে বাইরে গিয়ে কথা বলার পরামর্শ দেন তিনি। পাশাপাশি স্পিকারের সঙ্গে কেউ কথা বলার সময় তার মাঝখান দিয়ে চলাচল না করারও আহ্বান জানান।

চিফ হুইপ আরও বলেন, সংসদের কার্যপ্রণালি অনুযায়ী ফ্লোর ক্রস করা যাবে না। কেউ এ ক্ষেত্রে চলাচল করতে চাইলে পেছনের পথ ব্যবহার করতে হবে। তিনি সংসদ কক্ষে ছবি তোলার বিষয়েও সতর্ক করেন।

এর আগে গত ১০ এপ্রিল সংসদীয় আচরণবিধি না মানায় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সতর্ক করেছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তখন তিনি সংসদে শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!