ভারতের মণিপুরে বরাক নদীর ওপর নির্মিত টিপাইমুখ বাঁধকে ‘নিজেদের তৈরি দুর্যোগ’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতেই প্রকল্পটি নেওয়া হয়েছিল, ফলে এর দায় এড়ানোর সুযোগ নেই।
বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ মন্তব্য করেন স্পিকার। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিকের এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন।
মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর স্পিকার বলেন, তিনি পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিষয়টি সম্পর্কে তাঁর অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধেই ভারত টিপাইমুখ বাঁধ প্রকল্প গ্রহণ করেছিল। “ফলে আমরা নিজেরাই আমাদের বিপর্যয় ডেকে এনেছি,”—যোগ করেন তিনি।
টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের চুরাচাঁদপুর জেলার টিপাইমুখ এলাকায় বরাক ও তুইভাই নদীর মিলনস্থলের কাছে অবস্থিত। প্রায় ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে প্রকল্পটি নেওয়া হয়।
২০০৩ সালে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হলেও সম্ভাব্য পরিবেশগত ক্ষতির আশঙ্কায় দেশ-বিদেশে সমালোচনার মুখে তা স্থগিত করা হয়। পরে ২০০৮ সালের শেষ দিকে আবারও নির্মাণকাজ শুরু হয়।
২০১০ ও ২০১১ সালে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের পর যৌথ ঘোষণায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং আশ্বস্ত করেছিলেন, এই প্রকল্পে এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না যা বাংলাদেশের ক্ষতি করতে পারে।
বরাক নদী বাংলাদেশে প্রবেশ করে সুরমা নদীতে মিশেছে এবং এটি সিলেট অঞ্চলের অন্যতম প্রধান নদী হিসেবে বিবেচিত। সংশ্লিষ্টরা মনে করেন, টিপাইমুখ বাঁধ বাস্তবায়িত হলে এ অঞ্চলের পরিবেশ ও পানিপ্রবাহে প্রভাব পড়তে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!