জাতীয়

হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারে উদ্যোগ: আইনমন্ত্রী

আপডেট: এপ্রি ১৬, ২০২৬ : ০৬:১৭ এএম
হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারে উদ্যোগ: আইনমন্ত্রী

রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে দায়ের করা রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আগে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত একটি কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি।

তিনি জানান, চলতি বছরের ৫ মার্চ জেলা প্রশাসককে আহ্বায়ক করে চার সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে, যারা এসব মামলার বিষয়ে সুপারিশ করছে। পরে ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়, যা জেলা কমিটির সুপারিশ যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে।

আইনমন্ত্রী আরও বলেন, সংসদ সদস্যসহ যেকোনো ব্যক্তি যদি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা বা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য আবেদন করেন, তবে তা নির্ধারিত প্রক্রিয়ায় জেলা ও কেন্দ্রীয় কমিটি পর্যালোচনা করবে। পর্যালোচনায় মামলা হয়রানিমূলক বলে প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকার এ ধরনের মামলার ভুক্তভোগীদের প্রতিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!