জাতীয়

আগামী বছর হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

আপডেট: এপ্রি ১৮, ২০২৬ : ০৪:৩১ এএম ১০
আগামী বছর হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

আগামী বছর থেকে হজের খরচ আরও কমিয়ে আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, হজ ব্যবস্থাপনা আরও সহজ ও উন্নত করার মাধ্যমে খরচ কমানোর পাশাপাশি হজযাত্রীদের ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা ১৮ ফেব্রুয়ারি সরকার গঠন করেছি। এর আগেই এবারের হজ ব্যবস্থাপনার বেশির ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। ফলে দায়িত্ব নেওয়ার পর খুব বেশি পরিবর্তন আনার সুযোগ ছিল না। তারপরও আমরা চেষ্টা করেছি। এর মধ্যে হজের খরচ প্রায় ১২ হাজার টাকা কমাতে পেরেছি।”
তিনি আরও বলেন, “আমরা আশা করছি, আগামী বছর যারা হজে যাবেন তাদের জন্য ব্যয় আরও কিছুটা কমাতে পারব। একই সঙ্গে পুরো প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।”
হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানান। তিনি বলেন, “আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন। দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি, আপনারা সুস্থভাবে হজ পালন করে নিরাপদে দেশে ফিরে আসবেন।”
অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে রাত ১২টা ২০ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!