গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে মাদরাসাছাত্রী অপহরণ, পরিবারের সদস্যদের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অপহৃত ছাত্রীকে দ্রুত উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শ্রীপুরে একটি মসজিদের ইমামের মেয়েকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বর হামলা এবং লুটপাটের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী। এ ধরনের ঘটনার নিন্দা জানানোর ভাষা তাঁর জানা নেই বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করা না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তিনি অবিলম্বে মেয়েটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের পাশাপাশি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের প্রশ্রয় দিয়ে এ ধরনের ঘটনা কোনোভাবেই চলতে দেওয়া যায় না। একই সঙ্গে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!