দেশের কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কৃষি শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষক কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফা রূপরেখায় কৃষিখাতের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছিল। সরকার গঠনের পর তাঁর নির্দেশনায় কৃষক কার্ড চালুর প্রাক-পাইলট কার্যক্রম শুরু হয়। এ উদ্যোগের অংশ হিসেবে কুমিল্লার অরণ্যপুর ব্লকে কৃষক কার্ড বিতরণের মাধ্যমে দেশের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকের ২২ হাজার ৬৫ জন কৃষকের হাতে এ কার্ড তুলে দেওয়া হয়েছে।
কৃষক কার্ড চালুর মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, এর ফলে কৃষক তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন। ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা এ কার্ডের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকার প্রণোদনা পাবেন, যা দিয়ে সার, বীজ, বালাইনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ ক্রয় করা যাবে।
মন্ত্রী আরও বলেন, কৃষির আধুনিকায়নে সরকার কৃষকদের ৫০ থেকে ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষিযন্ত্র সরবরাহ করছে, যা কৃষক কার্ডের মাধ্যমে আরও সহজলভ্য হবে। একই সঙ্গে কৃষিঋণ ও কৃষি বীমার সুবিধাও এই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।
কৃষিতে সোলারচালিত সেচ পাম্প চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর ভাষ্য, কৃষক কার্ডধারীরা সমবায়ের মাধ্যমে এ সুবিধা নিতে পারবেন। সরকারের সমন্বিত কৃষকবান্ধব কর্মসূচির মাধ্যমে কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে।
এর আগে মন্ত্রী কৃষকদের হাতে কৃষক কার্ড ও ফলের চারা তুলে দেন। পরে অনুষ্ঠানস্থলের পাশে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন দপ্তর-সংস্থার স্টল পরিদর্শন করেন।
কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!