জাতীয়

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট: এপ্রি ১৯, ২০২৬ : ০৪:৪৩ এএম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

দেশে গণমাধ্যমের বিদ্যমান স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘হুজ হু বাংলাদেশ ২০২৬’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ইয়াসের খান চৌধুরী বলেন, জাতীয় ঐক্য সুদৃঢ় করে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সম্ভাবনাময় এই দেশকে এগিয়ে নিতে ঐক্য, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতের বিতর্কে না গিয়ে ভবিষ্যতের উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়াই এখন সময়ের দাবি। ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

নিজের বক্তব্যে ব্যক্তিগত ও পেশাগত জীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, রাজনীতিতে আসার আগে দীর্ঘদিন যুক্তরাজ্যে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করেছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। পরে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং ময়মনসিংহের নান্দাইল আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা প্রদান করা হয়। কৃষি, শিল্প-সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা, উদ্যোক্তা, পেশাজীবী, সাংবাদিকতা, ক্রীড়া ও সমাজসেবাসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুণীজনদের এই সম্মাননা দেওয়া হয়। আজীবন সম্মাননা পান খ্যাতনামা আলোকচিত্রী শহিদুল আলম।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘হুজ হু’ ১৮৪৯ সাল থেকে বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের জীবনী প্রকাশ ও সম্মাননা প্রদান করে আসছে। বাংলাদেশে ২০১৬ সাল থেকে প্রতি দুই বছর অন্তর এই আয়োজন করা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!