জাতীয়

মুক্তিযুদ্ধের ইতিহাস রাজনৈতিক স্বার্থে বিকৃত করা হয়েছে:  ইশরাক

আপডেট: এপ্রি ১৯, ২০২৬ : ০৪:৪৮ এএম ১০
মুক্তিযুদ্ধের ইতিহাস রাজনৈতিক স্বার্থে বিকৃত করা হয়েছে:  ইশরাক

গত ১৭ বছরে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, একটি নির্দিষ্ট গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করতে ইতিহাসকে ব্যক্তিকেন্দ্রিকভাবে উপস্থাপন করা হয়েছিল।

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগের সরকার ছিল ‘ফ্যাসিবাদী ও মাফিয়াতান্ত্রিক চরিত্রের’। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বই প্রকাশের ক্ষেত্রে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ ছিল বলেও উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে সরে এসে স্বচ্ছতা নিশ্চিত করার কথা জানান।

নিজেকে তৃণমূল থেকে উঠে আসা কর্মী হিসেবে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর ওপর যে দায়িত্ব দিয়েছেন, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। পাশাপাশি দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি এম এ মালেক, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার ও শিশু সাহিত্যিক আবু সালেহ এবং সাংস্কৃতিক সংগঠক মোশারফ আহমেদ ঠাকুরসহ অন্যরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!