লিবিয়ার স্বাস্থ্য খাতে জনবলের ঘাটতি পূরণে বাংলাদেশ থেকে দক্ষ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটির সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ জোরদার করতে চায় তারা।
সম্প্রতি লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহর সঙ্গে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. মোহাম্মদ আল-গৌজের এক বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়। বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অতীতে বিপুলসংখ্যক বাংলাদেশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী লিবিয়ার বিভিন্ন হাসপাতালে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমানে কর্মরত পেশাজীবীরাও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যা দেশটির জনগণ ও কর্তৃপক্ষের আস্থা অর্জন করেছে।
বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশি পেশাজীবীদের বেতন-ভাতা নিয়মিত করায় লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে কিছু ক্ষেত্রে প্রশাসনিক জটিলতার কারণে বকেয়া বেতন পরিশোধে বিলম্ব হওয়ায় তা দ্রুত সমাধানের অনুরোধ করেন।
এ ছাড়া চুক্তি নবায়ন, প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণের কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
জবাবে লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশি পেশাজীবীদের দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি জানান, বেতন-ভাতা নিয়মিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পাশাপাশি, বকেয়া পরিশোধে একটি বিশেষ কমিটি কাজ করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশি স্বাস্থ্যকর্মীদের অধিকার নিশ্চিত করতে এবং তাদের অন্যান্য সমস্যার সমাধানে মন্ত্রণালয় সক্রিয় রয়েছে। ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি জনবল নিয়োগের ব্যাপারেও ইতিবাচক মনোভাব রয়েছে সরকারের।
বৈঠকের শেষে উভয়পক্ষ স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার এবং পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!