জাতীয়

তিন দেশ থেকে এক দিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

আপডেট: এপ্রি ১৯, ২০২৬ : ০৪:৫৩ এএম
তিন দেশ থেকে এক দিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে এক দিনে ৩৪ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে এসেছে। শনিবার পৃথক ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছায়।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এ তথ্য নিশ্চিত করেছে। ডেস্ক সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি মরদেহ এসেছে কুয়েত থেকে। সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে একযোগে ৩০ জন প্রবাসীর মরদেহ ঢাকায় পৌঁছে। এ ছাড়া মালয়েশিয়া ও লিবিয়া থেকে আসা পৃথক ফ্লাইটে দুটি করে মোট চারটি মরদেহ দেশে আসে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়ায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা এসব প্রবাসীর মরদেহ দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দেশে আটকে ছিল। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে মরদেহ দেশে আনতে বিলম্ব হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কুয়েত (ফ্লাইট KU-5283) থেকে ৩০ জন, মালয়েশিয়া (ফ্লাইট BS-316) থেকে ২ জন এবং লিবিয়া (ফ্লাইট QR-640) থেকে ২ জনের মরদেহ দেশে পৌঁছায়।

মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে প্রতিটি পরিবারকে দাফন ও আনুষঙ্গিক খরচ বাবদ ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া মৃত প্রবাসীদের পরিবার অন্য কোনো আর্থিক সুবিধা বা বিমার দাবিদার হলে তা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মরদেহ হস্তান্তরের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!