জাতীয়

ইউনেস্কো–এপিসিআইসি সম্মেলনে আমন্ত্রণ পেলেন আসিফ মাহমুদ

আপডেট: এপ্রি ১৯, ২০২৬ : ০৪:৫৭ এএম ১২
ইউনেস্কো–এপিসিআইসি সম্মেলনে আমন্ত্রণ পেলেন আসিফ মাহমুদ

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম (ডব্লিউএইচআরসিএফ) ২০২৬’-এর একটি গুরুত্বপূর্ণ সেশনে অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সম্প্রতি ইউনেস্কো–এপিসিআইসি’র পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানানো হয়।

আগামী ১৩ থেকে ১৫ মে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। দলীয় সূত্র জানায়, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি হিসেবে ওই সেশনে অংশ নেওয়ার জন্য আসিফ মাহমুদের নাম প্রস্তাব করা হয়েছে।

ফোরামের আয়োজক সংস্থা জিআইসি’র অধীন ডব্লিউএইচআরসিএফ সচিবালয়ের এপিসিআইসি সমন্বয়কারী অ্যামি পার্ক এক ই-মেইলে এ আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন।

ইউনেস্কো–এপিসিআইসি (এশিয়া–প্যাসিফিক কোয়ালিশন অব ইনক্লুসিভ সিটিস) এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শহরগুলোর মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর পরিবেশ গড়ে তুলতে কাজ করে। শহরগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং আধুনিক নগরায়ণের সেরা চর্চাগুলো বিনিময়ের জন্য এ ফোরামকে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়।

আয়োজকদের মতে, আসিফ মাহমুদের অংশগ্রহণ সম্মেলনের আলোচনায় নতুন মাত্রা যোগ করবে এবং শহরভিত্তিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল সিটিস’-এর আঞ্চলিক জোটগুলোর মধ্যে এপিসিআইসি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!