রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার মাছের আড়তে ২৫ কেজি ওজনের একটি বড় কাতলা মাছ ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
আজ রোববার (১৯ এপ্রিল) সকালে দৌলতদিয়া মাছ বাজারে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মাছটি কিনে নেন ৫ নম্বর ঘাট এলাকার মৎস্য আড়তদার সম্রাট শাজাহান শেখ।
জানা গেছে, শনিবার গভীর রাতে ঠান্ডু হালদার ও তার সহযোগীরা পদ্মা নদীতে জাল ফেললে বিশাল আকৃতির কাতলাটি ধরা পড়ে। পরে মাছটি রেজাউল মণ্ডলের আড়তে আনা হলে ওজন করে ২৫ কেজি পাওয়া যায়। এরপর নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে সম্রাট শাজাহান শেখ ৪২ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।
ক্রেতা সম্রাট শাজাহান শেখ জানান, মাছটি কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য যোগাযোগ করা হচ্ছে। দ্রুত বিক্রি করতে পারলে কিছু লাভের আশা করছেন।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় জেলেদের জালে বড় আকারের মাছ বেশি ধরা পড়ছে। এটি আনন্দের বিষয় যে, এখনো এই অঞ্চলে বড় কাতলাসহ নানা প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!