দেশে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।রোববার বিচারপতি রাজিক আল জলিল–এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ দিন নির্ধারণ করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।
এর আগে গত ২ এপ্রিল হামের সংক্রমণ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একই সঙ্গে সম্প্রতি দেশে হামে শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে ওই আবেদনে।
রিটটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়। এর প্রেক্ষিতে শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করলেন আদালত।
এদিকে, এর আগে শিশুদের জন্য হামের টিকা দ্রুত সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়। মানবাধিকারকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশ পাঠান।
নোটিশে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট দায়েরের কথা উল্লেখ করা হয়।
নোটিশে বলা হয়, দেশে হামের টিকার ঘাটতির কারণে বিভিন্ন স্থানে শিশুরা আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে। এ পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে উল্লেখ করা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!