জাতীয়

প্রথমবার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট: এপ্রি ২০, ২০২৬ : ০৪:৪৫ এএম
প্রথমবার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। সোমবার সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন।

দিনব্যাপী এ সফরে প্রধানমন্ত্রী বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা উপলক্ষে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করবেন তিনি। এরপর বেলা সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন এবং সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনে উন্নীত করার ফলক উন্মোচন করবেন।

দুপুরের দিকে তিনি শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীতে যাবেন। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।

বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। পথে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!