বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঢাকা-বেইজিং সম্পর্কের নতুন রূপরেখা নির্ধারণে আগামী মাসের প্রথম সপ্তাহে চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম বেইজিং সফর।
কূটনৈতিক সূত্র জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই–এর আমন্ত্রণে ৫ থেকে ৬ মে বেইজিং সফর করবেন তিনি। সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সঙ্গী থাকবেন। সফরকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ সফরে মোংলা বন্দরের আধুনিকায়ন, তিস্তা মহাপরিকল্পনা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় চীনের কাছ থেকে ২০০ কোটি ডলার সহায়তা পাওয়ার বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি চীনে কাঁঠাল রপ্তানি, গুয়াংজু–চট্টগ্রাম ও সাংহাই–চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু, চীনা শিল্প স্থানান্তর, রোহিঙ্গা সংকট এবং চীনা অর্থনৈতিক অঞ্চল নিয়েও আলোচনা হতে পারে।
এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাওয়ার বিষয়টিও আলোচনায় আসতে পারে বলে জানা গেছে।
কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বড় ধরনের সম্পৃক্ততা না থাকলেও বর্তমানে নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন। নতুন বাস্তবতায় দুই দেশের সম্পর্ককে নতুনভাবে সাজানোর প্রয়োজন রয়েছে। এ সফর সে প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ঢাকার একটি সূত্র জানায়, জ্বালানি চাহিদা মেটানো ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের প্রায় ২০০ কোটি ডলার সহায়তা প্রয়োজন হতে পারে, যা চীনের কাছে চাওয়া হতে পারে।
সাবেক রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা জরুরি। “কোন দেশের সঙ্গে কতটুকু সম্পর্ক এগিয়ে নেওয়া হবে, সে বিষয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি একটি কৌশলগত রূপরেখা থাকা প্রয়োজন,”—বলেন তিনি।
এর আগে এপ্রিলের শুরুতে শুভেচ্ছা সফরে ভারত গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে তিনি ব্রাসেলস সফরে রয়েছেন। সেখান থেকে আদ্দিস আবাবা হয়ে দেশে ফিরে বেইজিং সফরে যাওয়ার কথা রয়েছে।
এদিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির একটি প্রতিনিধিদলও বর্তমানে চীন সফরে রয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর–ও চীনে একটি সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!