উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়নভিত্তিক কমিটি গঠনের কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার সংসদ ভবনে নিজ কার্যালয়ে তাঁর নির্বাচনী এলাকার ১৫ সদস্যের একটি ইমাম প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, তিনি জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তাঁদের কারণেই আজ তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করছেন। “আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা ও জবাবদিহিতা রয়েছে,”—বলেন তিনি।
উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইউনিয়নভিত্তিক কমিটি গঠনের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে বিরোধ মীমাংসায় ধর্মীয় নেতাদের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিভিন্ন ধর্মাবলম্বীর সহাবস্থানের বিষয় উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, তাঁর নির্বাচনী এলাকায় সব ধর্মের মানুষ বসবাস করেন। পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ করে দেওয়া হবে। এর আগে খ্রিষ্টান প্রতিনিধিদল সংসদে এসেছিল বলেও জানান তিনি।
তিনি বলেন, “আমি শতভাগ সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। আপনারা দোয়া করবেন, যাতে সততার সঙ্গে কাজ করে যেতে পারি।”
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা তাঁর প্রতি শুভকামনা জানান এবং এলাকার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!