জাতীয়

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড, সাংবাদিকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ

আপডেট: এপ্রি ২০, ২০২৬ : ০৫:২৪ এএম
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড, সাংবাদিকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ

সংবাদপত্রকর্মীদের জন্য শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রণয়নে একটি পূর্ণাঙ্গ অনলাইন ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল–এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড গেজেট আকারে প্রকাশিত হলেও আয়করসংক্রান্ত মতপার্থক্যের কারণে তা কার্যকর করা সম্ভব হয়নি। বর্তমানে এ বিষয়ে ছয়টি রিট বা সিভিল পিটিশন বিচারাধীন রয়েছে। এসব আইনি জটিলতা নিরসনের পাশাপাশি নতুন করে ১০ম ওয়েজবোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সাংবাদিকদের সুরক্ষা ও পেশাগত মানোন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ‘সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল’ গঠন করা হয়েছে। এর মাধ্যমে হুমকি, হামলা বা ডিজিটাল হয়রানির শিকার সাংবাদিকদের আইনি ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। নারী সাংবাদিকদের জন্য বিশেষ সুবিধা, ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ এবং জেলা পর্যায়ে সুরক্ষা কার্যক্রম জোরদারের উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভুয়া সাংবাদিকতা প্রতিরোধ ও পেশার মানোন্নয়নে বাংলাদেশ প্রেস কাউন্সিল শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ একটি অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে।

সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করার প্রক্রিয়া চলছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট–এর মাধ্যমে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মার্চ পর্যন্ত এক হাজার ১১০ জন সাংবাদিক ও তাঁদের পরিবার এ সহায়তা পেয়েছেন।

টেলিভিশন খাত প্রসঙ্গে তিনি জানান, দেশে বর্তমানে চারটি সরকারি টিভি চ্যানেল রয়েছে। ৫৫টি বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন থাকলেও ৩৭টি পূর্ণাঙ্গ সম্প্রচারে রয়েছে এবং নতুন কোনো চ্যানেলের অনুমোদন বর্তমানে প্রক্রিয়াধীন নেই।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!