জাতীয়

বাংলাদেশে ১ কোটি ৫৩ লাখ ভিডিও সরাল টিকটক

আপডেট: এপ্রি ২০, ২০২৬ : ০৫:৩৫ এএম
বাংলাদেশে ১ কোটি ৫৩ লাখ ভিডিও সরাল টিকটক

জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম TikTok–এ বাংলাদেশ থেকে ২০২৫ সালের শেষ প্রান্তিকে ১ কোটি ৫৩ লাখের বেশি ভিডিও অপসারণ করা হয়েছে। প্ল্যাটফর্মটির প্রকাশিত কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশে মোট ১ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ১২৯টি ভিডিও সরানো হয়েছে, যা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে অপসারণ করা হয়।

টিকটক জানিয়েছে, অপসারিত কনটেন্টের ৯৯ দশমিক ৯ শতাংশ আগেই শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৯৮ দশমিক ৪ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডারেশন ব্যবস্থার উন্নতির ফলে দ্রুত কনটেন্ট শনাক্ত ও অপসারণ সম্ভব হচ্ছে।

আপত্তিকর মন্তব্য নিয়ন্ত্রণেও নতুন কৌশল নেওয়া হয়েছে বলে জানায় প্ল্যাটফর্মটি। ২০২৫ সালের একই প্রান্তিকে বিশ্বজুড়ে ২১ কোটি ৮৭ লাখের বেশি মন্তব্য সরানো হয়েছে, যা আগের প্রান্তিকের তুলনায় কম।

এ ছাড়া ভুয়া লাইক ও ফলোয়ার শনাক্ত করে অপসারণের হার বেড়েছে। নিরাপত্তা জোরদারে এই সময়ে ১৪ কোটির বেশি ভুয়া অ্যাকাউন্ট সরানো হয়েছে এবং ১৩ বছরের কম বয়সী হিসেবে সন্দেহভাজন প্রায় ২ কোটি ৩৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

বিশ্বব্যাপী একই সময়ে মোট ১৭ কোটি ৫৩ লাখের বেশি ভিডিও সরানো হয়েছে, যা মোট আপলোডকৃত কনটেন্টের প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ। এর মধ্যে অধিকাংশ ভিডিও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, অপসারিত ভিডিওর বড় অংশই প্রাপ্তবয়স্ক বা সংবেদনশীল কনটেন্ট। এছাড়া নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন, ভুয়া তথ্য ছড়ানো এবং গোপনীয়তা সংক্রান্ত নিয়ম ভাঙার ঘটনাও রয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, ব্যবহারকারী বাড়ার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মকে নিরাপদ রাখতে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো হচ্ছে। তবে কনটেন্ট নিয়ন্ত্রণ ও মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে থাকছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!