জাতীয়

বগুড়ায় ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট: এপ্রি ২০, ২০২৬ : ০৫:৫৩ এএম
বগুড়ায় ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে আদালত প্রাঙ্গণে যান তিনি। পরে বেলা ১১টা ২০ মিনিটে এ সেবার উদ্বোধন করেন। একই সময়ে তিনি বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলকও উন্মোচন করেন।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে বগুড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। ই-বেইল বন্ড সেবা উদ্বোধনের পর বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং সিটির আনুষ্ঠানিক কার্যক্রম ঘোষণা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দিনের দ্বিতীয়ার্ধে তিনি গাবতলী উপজেলা–র বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এসবের মধ্যে রয়েছে খাল খনন কার্যক্রম, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান কর্মসূচি।

এ ছাড়া সফরের অংশ হিসেবে তিনি নিজ পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন এবং বিকেলে শহরে ফিরে আসবেন। বিকেল ৪টায় জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বগুড়া শহরসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশপথে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হয়েছেন এবং তাঁকে একনজর দেখতে অপেক্ষা করছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!