জাতীয়

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

আপডেট: এপ্রি ২১, ২০২৬ : ০৪:৪২ এএম
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ মঙ্গলবার। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, বিকেল পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, জমা দেওয়া মনোনয়নপত্র আগামী ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসন পাবে। সেই হিসাবে ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট পেতে যাচ্ছে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্রদের জোট একটি আসন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জোটগুলো থেকে অতিরিক্ত প্রার্থী না এলে অধিকাংশ প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরই মধ্যে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি প্রায় শেষ। বিএনপি জোট তাদের ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। অন্যদিকে জামায়াত জোটও ১৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মোট ৪৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কয়েকজন ইতিমধ্যে জমা দিয়েছেন। শেষ দিনে বাকি প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানা গেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!