জাতীয়

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অনস্বীকার্য: সংস্কৃতিমন্ত্রী

আপডেট: এপ্রি ২১, ২০২৬ : ০৪:৫৮ এএম
জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অনস্বীকার্য: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশ বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ এবং এই সমৃদ্ধ ঐতিহ্য জাতির গর্ব।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক/গ্রন্থাগার প্রতিনিধিদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার (ব্যাচ-৬৪) উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংস্কৃতিমন্ত্রী গ্রন্থাগারিকদের উদ্দেশে বলেন, তাঁরা সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। গ্রন্থাগারগুলোকে আরও আকর্ষণীয় করে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাঠাগার এমনভাবে নির্মাণ করা যেতে পারে, যাতে বাইরে থেকেও মানুষ বই পড়ার পরিবেশ দেখে অনুপ্রাণিত হয়।

মাদকবিরোধী সচেতনতার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। পাঠ্যবইয়ের পাশাপাশি জীবনঘনিষ্ঠ ও শিক্ষামূলক বই পড়ার সংস্কৃতি বাড়ানোর ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি সচিব ও জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কানিজ মাওলা বলেন, প্রতিটি গ্রন্থাগারে শিশুদের জন্য আলাদা কর্নার থাকা প্রয়োজন, যাতে ছোটবেলা থেকেই তারা বইয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এ এইচ এম সাখাওয়াত উল্লাহ। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির গ্রন্থাগারিক ও উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার।

উল্লেখ্য, এবারের প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৩২ জন গ্রন্থাগারিক অংশ নিচ্ছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!