জাতীয়

ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

আপডেট: এপ্রি ২১, ২০২৬ : ০৫:০০ এএম
ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আমদানি করা ৭ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এ জ্বালানি দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসি’র ডিপোতে পৌঁছাবে।

সোমবার (২০ এপ্রিল) রাতে পাম্পিং কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম।

তিনি জানান, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাঠানো শুরু হয়েছে। পাম্পিং শুরুর পর প্রায় ৬৫ ঘণ্টার মধ্যে পুরো চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে।

দেশে বর্তমানে ডিজেলের কোনো ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, পর্যাপ্ত মজুত থাকায় সরবরাহ স্বাভাবিক রয়েছে। পরবর্তী ধাপে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে এরই মধ্যে দুই দফায় ১৩ হাজার মেট্রিক টন দেশে পৌঁছেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!