জাতীয়

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আপডেট: এপ্রি ২১, ২০২৬ : ০৫:০৬ এএম
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

বগুড়ার গাবতলী উপজেলায় ৯১১ জনের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার বাগবাড়ী এলাকায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্ড বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ সময় বিএনপির দলীয় সঙ্গীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করা হলে প্রধানমন্ত্রীসহ উপস্থিত নেতাকর্মীরা দাঁড়িয়ে কণ্ঠ মেলান।

সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী নারীর ক্ষমতায়ন ও পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়। এর আগে গত ১০ মার্চ ঢাকায় আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সরকারি সূত্র জানায়, পরীক্ষামূলকভাবে আগামী জুনের মধ্যে দেশের ১৪টি উপজেলায় ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারের হাতে এই কার্ড দেওয়া হবে। এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে।

পরিবারের নারী সদস্য—বিশেষ করে মা বা নারী প্রধানের নামে কার্ড ইস্যু করা হবে। সরকার জানিয়েছে, ধাপে ধাপে এ কর্মসূচির পরিধি বাড়ানো হবে এবং ২০৩০ সালের মধ্যে এটিকে একটি সর্বজনীন সামাজিক সুরক্ষা পরিচয়পত্রে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!