জাতীয়

কাপ্তাই হ্রদে তিন মাস মাছ ধরা নিষিদ্ধ

আপডেট: এপ্রি ২১, ২০২৬ : ০৫:১১ এএম ১১
কাপ্তাই হ্রদে তিন মাস মাছ ধরা নিষিদ্ধ

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের প্রজনন ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে তিন মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এ সময় মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণও বন্ধ থাকবে।

সোমবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী তিন মাস পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দার, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কমান্ডার মো. ফয়েজ আল করিম, চট্টগ্রাম অঞ্চলের সহকারী নৌ পুলিশ সুপার আবু মো. দিলওয়ার হাসান ইনাম, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ জেলে ও মৎস্যজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, নিষেধাজ্ঞার বিষয়টি সড়ক ও নৌপথে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হবে। একই সঙ্গে অবৈধ মাছ আহরণ রোধে হ্রদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি ও বিকাশের স্বার্থে প্রতিবছরের মতো এবারও এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল নিবন্ধিত জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য সহায়তা দেওয়া হবে।

কাপ্তাই হ্রদ দেশের অন্যতম বৃহৎ মিঠাপানির জলাধার। এ হ্রদের ওপর নির্ভর করে রাঙামাটির বিপুলসংখ্যক জেলে জীবিকা নির্বাহ করেন। তাই মাছের টেকসই উৎপাদন নিশ্চিত করতে প্রতিবছর নির্দিষ্ট সময়ের জন্য মাছ ধরা বন্ধ রাখা হয়।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!