জাতীয়

তরুণদের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের ভূমিকা জরুরি: তথ্যমন্ত্রী

আপডেট: এপ্রি ২১, ২০২৬ : ০৫:১৩ এএম ১৩
তরুণদের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের ভূমিকা জরুরি: তথ্যমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে তরুণদের পৃষ্ঠপোষকতা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, তরুণদের জন্য সুস্থ বিনোদন ও ক্রীড়ার সুযোগ নিশ্চিত না হলে একটি জাতির ভবিষ্যৎ সুস্থভাবে গড়ে উঠতে পারে না।

সোমবার বরিশাল আউটার স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠন করে তরুণদের পৃষ্ঠপোষকতার একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করেছিলেন। এর ফলে দেশের ক্রীড়াঙ্গনে অগ্রগতির পথ সুগম হয়েছে। তিনি দাবি করেন, বাংলাদেশ ক্রিকেট আজ যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিলেন, তারা জনগণের উন্নয়ন বা তরুণদের বিকাশে মনোযোগ দেননি। তাই বর্তমান সরকার শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে জোর দিচ্ছে। খেলাধুলা ও সংস্কৃতিকে অগ্রাধিকার দিয়ে তরুণদের সুস্থ বিকাশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র দুই মাস হলেও এরই মধ্যে ক্রীড়া ও সংস্কৃতি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। খেলাধুলাকে এমন পর্যায়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যাতে তরুণরা এটিকে পেশা হিসেবে নিতে উৎসাহিত হয়।

উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর বরিশাল আউটার স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়েছে। এবারের আসরে ৮টি গ্রুপে মোট ২০টি দল অংশ নিচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!