অপতথ্য ও ভুয়া তথ্যের বিস্তার রোধে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, অসত্য তথ্য শুধু রাষ্ট্রের জন্য নয়, ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্যও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
সোমবার বিকেলে রাজধানীতে চ্যানেল আই অনলাইনের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘অ্যালগরিদম যুগে সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি চ্যানেল আই ভবনের ছাদে অনুষ্ঠিত হয়।
ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমানে অনলাইনে তথ্যের প্রবাহ ব্যাপক হলেও এ সুযোগে অপতথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, চ্যানেল আই অনলাইন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপতথ্য প্রতিরোধে তাদের ভূমিকা অব্যাহত রাখবে।
নিজের ১৬ বছরের আন্তর্জাতিক গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ডিজিটালাইজেশন কেবল অনলাইনে উপস্থিতি নয়; এটি ব্যয়বহুল ও প্রযুক্তিনির্ভর একটি প্রক্রিয়া। বাংলাদেশের গণমাধ্যমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে।
সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে এবং এটি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে চ্যানেল আই অনলাইনের সম্পাদক ও চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য উপস্থাপন করেন। এতে আরও বক্তব্য দেন কবি ও শিক্ষক আফরোজা সোমা, সাংবাদিক শওকত হোসেন মাসুম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইমরান হোসেন।
চ্যানেল আইয়ের চিফ নিউজ এডিটর মীর মাসরুর জামান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে সেরা সংবাদকর্মীদের পুরস্কৃত করা হয়। পরে প্রতিমন্ত্রী অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!