ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। এ তালিকায় নতুন মুখের প্রাধান্য বেশি—২৮ জনই প্রথমবারের মতো দলটির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হতে যাচ্ছেন। বাকি ৮ জন আগে সংসদ সদস্য ছিলেন।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত তালিকা বিশ্লেষণে দেখা গেছে, নতুনদের মধ্যে রয়েছেন শিরিন সুলতানা, ফরিদা ইয়াসমিন, শাকিলা ফারজানা, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
অন্যদিকে, আগের অভিজ্ঞদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রেহানা আক্তার রানু, রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, সুলতানা আহমেদ ও নেওয়াজ হালিমা আর্লি।
তালিকায় কয়েকজন এমনও আছেন, যাঁদের পরিবারের সদস্যরা রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে রয়েছেন। নিপুণ রায় চৌধুরীর বাবা সাবেক মন্ত্রী এবং শ্বশুর বিএনপির শীর্ষ নেতা। শিরিন সুলতানার স্বামীও দলের একজন সংসদ সদস্য।
এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়া তিনজন—সানজিদা ইসলাম তুলি, সাবিরা সুলতানা ও সানসিলা জেবরিন—সংরক্ষিত আসনে মনোনয়ন পেয়েছেন।
দলটির সহযোগী সংগঠনগুলোর মধ্য থেকেও মনোনয়ন দেওয়া হয়েছে। মহিলা দল, ছাত্রদল ও মহানগর বিএনপির কয়েকজন নেতা এ তালিকায় স্থান পেয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মানছুরা আক্তার এ তালিকায় সবচেয়ে কম বয়সী প্রার্থী হিসেবে থাকছেন।
তালিকায় এমনও কয়েকজন রয়েছেন, যাঁরা সরাসরি রাজনীতিতে সক্রিয় নন। তাঁদের মধ্যে একজন বেসরকারি খাতের একজন শীর্ষ কর্মকর্তা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, দল যাঁদের মনোনয়ন দিয়েছে, তাঁদের মধ্যে অভিজ্ঞ, আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের মূল্যায়ন করা হয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমান নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও তিনি জানান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!