দেশের বন সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা, জ্ঞান বিনিময় ও বিনিয়োগ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধি ড. সুসান ভাইজ তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ কথা বলেন।
বৈঠকে মন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পানি ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং সুন্দরবন সংরক্ষণ কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাক্ষাতে ইউনেস্কো প্রতিনিধি ড. সুসান ভাইজ জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, সবুজ ক্যাম্পাস উদ্যোগ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ শিক্ষা খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন।
তিনি ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (এমএবি)’ এবং ‘ক্লাইমেট স্মার্ট এডুকেশন সিস্টেম ইনিশিয়েটিভ (সিএসইএসআই)’-এর আওতায় ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। পাশাপাশি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, যৌথ উদ্যোগ সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. রায়হান কাওছারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!