ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্তদের তালিকা ঘোষণার পর আলোচনায় এসেছে ডা. তাসনিম জারার নাম। তিনি জানিয়েছেন, সংরক্ষিত আসনে যাওয়ার প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। তবে কোন দল থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, সে বিষয়ে কিছু উল্লেখ করেননি।
তাসনিম জারা লিখেছেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণার পর অনেকেই তার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি কৃতজ্ঞতার সঙ্গে তা ফিরিয়ে দিয়েছি।”
তিনি বলেন, সংসদে গিয়ে মানুষের পক্ষে কথা বলার সুযোগ ফিরিয়ে দেওয়া সহজ সিদ্ধান্ত ছিল না। তবে সংরক্ষিত নারী আসন সরাসরি জনগণের ভোটে পূরণের পক্ষে তিনি আগে থেকেই অবস্থান নিয়েছেন। সেই অবস্থান থেকে সরে আসা তার পক্ষে সম্ভব নয়।
তাসনিম জারা আরও বলেন, “যিনি জনগণের ভোটে নির্বাচিত হন, তিনি ভোটারদের কাছে জবাবদিহি করেন এবং প্রয়োজনে দলের বিরুদ্ধেও কথা বলতে পারেন। কিন্তু দলীয় মনোনয়নে নির্বাচিতদের কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকা বা ভোটার থাকে না। এটি কোনো ব্যক্তির সততার প্রশ্ন নয়, বরং কাঠামোগত একটি দুর্বলতা।”
সংরক্ষিত আসন ব্যবস্থা থাকলে সেটিও জনগণের ভোটের মাধ্যমে নির্ধারণের আহ্বান জানান তিনি।
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তাসনিম জারা। তিনি বলেন, স্বল্প সময়ে প্রচার চালিয়েও ৪৪ হাজারের বেশি ভোট পেয়েছেন। নির্বাচনের ফলাফল মেনে নিয়ে তিনি জানান, ভবিষ্যতে সংসদে গেলে তা জনগণের ভোটেই যেতে চান।
তিনি আরও বলেন, সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ করা সম্ভব এবং তিনি সেই পথেই কাজ চালিয়ে যাবেন।
উল্লেখ্য, ডা. তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলটির প্রার্থী হিসেবে অংশ নিলেও পরবর্তীতে দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। ওই আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!