জাতীয়

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

আপডেট: এপ্রি ২২, ২০২৬ : ০৬:০৭ এএম
বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বাস ও লঞ্চে একচেটিয়াভাবে ভাড়া বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা মেনে নেওয়া হবে না।

আজ বুধবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ হুঁশিয়ারি দেন। বিবৃতিতে তিনি বলেন, ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হলে বাসভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বা ২২ শতাংশ এবং লঞ্চভাড়া ৩২ শতাংশ বাড়ানো হয়। পরবর্তীতে ডিজেলের দাম কমে ১০০ টাকায় নেমে এলেও বাস্তবে যাত্রীরা কম ভাড়ার কোনো সুফল পাননি।

তিনি অভিযোগ করেন, সরকার কাগজে-কলমে ভাড়া সমন্বয় করলেও কার্যকর তদারকির অভাবে বাস ও লঞ্চে আগের বাড়তি ভাড়াই আদায় করা হয়েছে।

এবার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হলেও এই ১ টাকা বৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে বাস মালিকেরা ৬৪ শতাংশ এবং লঞ্চভাড়া ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, যৌক্তিক তথ্য তুলে ধরার কারণে যাত্রী কল্যাণ সমিতিকে উপেক্ষা করে মালিকপক্ষ একচেটিয়াভাবে ভাড়া বৃদ্ধির চেষ্টা করছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি আরও বলেন, সরকারের কিছু কর্মকর্তা যাত্রী প্রতিনিধিদের বাদ দিয়ে মালিকপক্ষের সঙ্গে অযৌক্তিক ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!