জাতীয়

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

আপডেট: এপ্রি ২২, ২০২৬ : ০৬:০৯ এএম
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতায় সরকার বিশ্বাস করে এবং তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)–এর সদস্যদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিয়মিত পত্রিকা পড়েন এবং টেলিভিশনে প্রচারিত সংবাদ পর্যালোচনা করেন বলেও উল্লেখ করেন। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয় বলে জানান তিনি।

বৈঠকে নোয়াবের সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী সংবাদপত্র শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

নোয়াব নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর বিজয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তারা ২০০১ সালে বিএনপি সরকারের সময় সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়টি উল্লেখ করে বর্তমান পরিস্থিতিতে এটিকে রুগ্ন শিল্প হিসেবে চিহ্নিত করেন।

এ সময় বিগত সরকারগুলোর আমলে জমে থাকা সরকারি বিজ্ঞাপনের বকেয়া বিল পরিশোধের বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

প্রধানমন্ত্রী নিয়মিতভাবে নোয়াব সদস্যদের সঙ্গে মতবিনিময়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিন মাস পরপর এ ধরনের বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া বিগত অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার সাংবাদিকদের জামিনের বিষয়েও প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন নোয়াব নেতারা।

দুপুর ২টা ২০ মিনিটে শুরু হওয়া বৈঠকটি বিকেল সাড়ে ৩টায় শেষ হয়। পরে প্রধানমন্ত্রী নোয়াব সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং গ্রুপ ছবি তোলেন। বিএনপি সরকার গঠনের পর নোয়াবের সঙ্গে এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া নোয়াবের সহ-সভাপতি এএসএম শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ আলতামাশ কবির, সদস্য এ কে আজাদ, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দীন, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, পূর্বকোণের সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রকাশক নাসিম মনজুর উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!