দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
আজ বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই থেকে সারাদেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে। প্রথম ধাপে প্রায় এক লাখ শিক্ষার্থীর মধ্যে এসব উপকরণ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এই উদ্যোগ বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে বলে জানান তিনি।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ধনী-গরিবের ব্যবধান কমিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, ধাপে ধাপে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে একই ধরনের ব্যাগ ও পোশাক পৌঁছে দেওয়া হবে। এতে করে তৃণমূল পর্যায় পর্যন্ত দেশীয় পণ্যের ব্যবহার বাড়বে।
পাটজাত ব্যাগ ব্যবহারের বিষয়ে তিনি বলেন, এটি পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতেও সহায়ক হবে। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর মাধ্যমে পরিবেশ রক্ষার সচেতনতা তৈরি করা সম্ভব হবে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী পাটশিল্পকে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!