জাতীয়

আইইবিতে উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী, নিরাপদ কর্মপরিবেশে নতুন উদ্যোগ

আপডেট: এপ্রি ২২, ২০২৬ : ০৮:৩২ পিএম ২৬
আইইবিতে উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী, নিরাপদ কর্মপরিবেশে নতুন উদ্যোগ
উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইইবিতে আয়োজিত অনুষ্ঠান। ছবিঃ সংগৃহীত

ঢাকা: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নারী প্রকৌশলীদের জন্য কর্মক্ষেত্রকে আরও সহায়ক ও নিরাপদ করতে ডে-কেয়ার সেন্টার স্থাপন এবং অ্যান্টি-হ্যারাসমেন্ট কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৬) রাজধানীর রমনায় আইইবি সদর দপ্তরের শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী শাহনাজ শারমিন এবং সঞ্চালনা করেন সম্পাদক প্রকৌশলী ইশরাত জাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোরশেদ। তিনি বলেন, প্রতিষ্ঠার পর স্বল্প সময়েই চ্যাপ্টারটি কার্যকর উদ্যোগের মাধ্যমে নারী প্রকৌশলীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, দেশের প্রকৌশল খাতে নারী অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হচ্ছে।

আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান তাঁর বক্তব্যে বলেন, নারী প্রকৌশলীদের কর্মজীবন সহজ করতে আধুনিক ডে-কেয়ার সেন্টার চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মক্ষেত্রে হয়রানি প্রতিরোধে একটি কার্যকর কমিটি গঠনের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান (তমাল) এবং ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার। তাঁরা বলেন, চ্যাপ্টারটি বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারের মাধ্যমে নারী প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

চ্যাপ্টারের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী দিলরুবা ফারজানা বলেন, নারী প্রকৌশলীদের আগ্রহ ও অংশগ্রহণ বাড়ছে, যা ভবিষ্যতে নেতৃত্ব তৈরিতে সহায়ক হবে। তিনি জানান, সদস্যরা বিভিন্ন টেকনিক্যাল কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখছেন।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী শাহনাজ শারমিন বলেন, নারী প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নে ধারাবাহিক কর্মসূচি নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। অন্যদিকে সঞ্চালক প্রকৌশলী ইশরাত জাহান বলেন, এই চ্যাপ্টার নারী প্রকৌশলীদের জন্য অভিজ্ঞতা বিনিময় ও নেতৃত্ব বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যাপ্টারের নির্বাহী সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে আইইবির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কাউন্সিল সদস্য এবং চ্যাপ্টারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tags:
উইমেন ইঞ্জিনিয়ার্স নারী নেতৃত্ব আইইবি ঢাকা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!