জাতীয়

সব ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট: এপ্রি ২৪, ২০২৬ : ০৩:২২ পিএম
সব ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে উঠছে। দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

শুক্রবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এই নীতিকে সামনে রেখেই সরকার পরিচালিত হচ্ছে। মসজিদের পাশাপাশি মন্দির, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ের জন্য সমানভাবে বরাদ্দ দেওয়ার নীতি অনুসরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, একটি সহনশীল ও সাম্প্রদায়িক সম্প্রীতির সমাজ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সব ধর্মাবলম্বী মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় তিনি খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের ক্রীড়া খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে সরকার কাজ করছে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী দর্শকেরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!