জাতীয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী

আপডেট: এপ্রি ২৫, ২০২৬ : ০৫:০৫ এএম
সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী। শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এ সংখ্যা পৌঁছেছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের হজ–সংক্রান্ত বিশেষ বুলেটিনে বলা হয়, এ সময় পর্যন্ত মোট ৮১টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বুলেটিন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৬৮৪ জন, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস (সাউদিয়া)–এর ৩০টি ফ্লাইটে ১১ হাজার ২৯৯ জন এবং ফ্লাইনাস–এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন।

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন টাঙ্গাইল সদর উপজেলার মো. আবুল কাশেম ও জয়পুরহাট সদর উপজেলার মো. নইম উদ্দীন মণ্ডল। তাদের একজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং অন্যজন স্বাভাবিকভাবে মক্কায় মারা গেছেন বলে জানা গেছে।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইট সৌদির উদ্দেশে ছেড়ে যায়। হজ ফ্লাইট চলবে আগামী ২১ মে পর্যন্ত।

আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে শেষ হবে ৩০ জুন। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন বাংলাদেশি হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!