জাতীয়

কৃষকের সামগ্রিক উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট: এপ্রি ২৫, ২০২৬ : ০৫:২৫ এএম
কৃষকের সামগ্রিক উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের কৃষকদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন। তিনি বলেন, কৃষকের ভাগ্য উন্নয়নকে কেন্দ্র করেই বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ পরিচালিত হচ্ছে।

শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সরকার শুধু ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা কৃষিঋণ মওকুফের মতো সীমিত উদ্যোগে আটকে নেই। বরং কৃষকের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়ন করা হচ্ছে। এসব সুবিধা যেন সঠিকভাবে কৃষকের কাছে পৌঁছায় এবং তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষকেরা যদি প্রণোদনার সুবিধা সঠিকভাবে পান এবং উৎপাদন বাড়াতে সক্ষম হন, তাহলে তাঁদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে। এতে পরিবার থেকে শুরু করে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে অর্থনৈতিক স্বাবলম্বিতা তৈরি হবে।

বৈশ্বিক নানা চ্যালেঞ্জের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব সত্ত্বেও দেশের কৃষিখাতকে সুরক্ষিত রাখতে সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে ২০ জন কৃষকের মধ্যে মুগ ডালের বীজ ও সার এবং ৫ জন কৃষকের মধ্যে মৌবক্স বিতরণ করা হয়।

এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!