জাতীয়

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

আপডেট: এপ্রি ২৫, ২০২৬ : ০৫:২৯ এএম
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার ইতোমধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের স্বল্প সময়ের মধ্যেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল ক্লাবে আয়োজিত দুই দিনব্যাপী কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মধ্যেই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যে অঙ্গীকারগুলো জাতির সামনে তুলে ধরেছিলেন, সেগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতন-ভাতা চালু, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রবর্তন, কৃষিঋণ মওকুফ এবং খাল খননের মতো কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হয়েছে।

টাঙ্গাইলের উন্নয়ন প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সবার সহযোগিতায় জেলাটিকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বেকারত্ব দূরীকরণে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলে আশ্বাস দেন তিনি।

সাহিত্য ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সাহিত্য একটি জাতির মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কবিতা মানুষের মানবিকতা ও মূল্যবোধকে জাগ্রত করে।

অনুষ্ঠানে কবিতা উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও কবি বুলবুল খান মাহবুব। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল।

দুই দিনব্যাপী এ উৎসবে কবিতা পাঠ, আবৃত্তি ও সাহিত্যবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। লেখক, কবি ও সংস্কৃতিসেবীদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!