মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিক্ষা উপমন্ত্রী ও রাজনীতিক গোলাম সারোয়ার মিলন মারা গেছেন। রোববার ভোররাতে রাজধানীর বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
পরিবারের সদস্যরা জানান, অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি বাসাতেই মারা গেছেন।
গোলাম সারোয়ার মিলন জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ফাতেমা সারোয়ার, ছেলে সাবায়ের সারোয়ার ও মেয়ে তানজিয়া সারোয়ার অমিসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৫৭ সালের ৬ নভেম্বর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা মোতাহার হোসেন ছিলেন সরকারি চাকরিজীবী এবং মা হাসিনা বিশ্বাস।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন গোলাম সারোয়ার মিলন। তিনি ১৯৮১-৮২ মেয়াদে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-কেন্দ্রিক ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর আগে তিনি ভাসানী ন্যাপ-সমর্থিত বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন এবং এরশাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন।
১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি-তে যোগ দিয়ে তিনি দলটির প্রেসিডিয়াম সদস্য হন। একই বছর অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তী নির্বাচনে পুনরায় জয়লাভ করেন। ১৯৮৬-৮৭ মেয়াদে হুসেইন মুহম্মদ এরশাদ-এর মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে দল পরিবর্তন করলেও জীবনের শেষ পর্যায়ে তিনি বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।
মরহুমের ছেলে সাবায়ের সারোয়ার জানান, রোববার বাদ যোহর মানিকগঞ্জের সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে ঢাকায় দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!