জাতীয়

বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: তারেক রহমান

আপডেট: এপ্রি ২৬, ২০২৬ : ০৫:৩০ এএম
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশের জনগণ সরাসরি ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচন করেছে। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থা—বর্তমান সরকার সেই আশারই প্রতিফলন।

শনিবার সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান আবারও প্রমাণ করেছে—রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে। তাই জনপ্রশাসনের দায়িত্ব হলো জনগণের স্বার্থ ও কল্যাণ নিশ্চিত করা।

তিনি বলেন, বাংলাদেশ ইন্সটিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) দেশের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিয়ামের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতে আরও শক্তিশালী করা হবে।

তারেক রহমান বলেন, নতুন ট্রেনিং কাম ডরমেটরি ভবন শুধু একটি অবকাঠামো নয়; এটি প্রশাসনিক নেতৃত্ব গঠন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং জ্ঞানচর্চার একটি কেন্দ্র হয়ে উঠবে।

তিনি আরও বলেন, আধুনিক প্রশাসন মানে শুধু নিয়ম জানা নয়, বরং প্রযুক্তি ব্যবহার, তথ্য বিশ্লেষণ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করা। এজন্য সরকার প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিক ও ফলাফলমুখী করার ওপর গুরুত্ব দিচ্ছে।

জনপ্রশাসন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের কাছে সরকারের দেওয়া প্রতিশ্রুতি কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং একটি দায়িত্ব। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি প্রশাসনে মেধাভিত্তিক নিয়োগ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন এবং বলেন, রাষ্ট্র পরিচালনায় প্রশাসনিক কর্মকর্তারা মূল চালিকাশক্তি।

তারেক রহমান বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। এই বাস্তবতায় টিকে থাকতে হলে প্রশাসনকেও প্রযুক্তিনির্ভর ও দক্ষ হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং বিয়ামের মহাপরিচালক আব্দুল মালেক উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!