পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশের ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনি ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে এবং জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান দায়িত্ব।
শনিবার খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের আচরণ, দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। পুলিশকে সবসময় মনে রাখতে হবে—তারা জনগণের সেবক, আর জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই তাদের মূল দায়িত্ব।
তিনি আরও বলেন, ডিজিটাল প্রযুক্তি ও সাইবার ট্র্যাকিংসহ সব ধরনের আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের যথাযথ অনুসরণ নিশ্চিত করতে হবে। থানাকে সাধারণ মানুষের জন্য সহজগম্য, জনবান্ধব ও আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
মাদক, সন্ত্রাসসহ সামাজিক অপরাধ দমনে পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, সমাজের সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে দীর্ঘমেয়াদে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব হয়।
তিনি বলেন, কোনো অপরাধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত তদন্ত, সঠিক প্রতিবেদন এবং সময়মতো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও তদারকির মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব।
কল্যাণ সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। সভায় খুলনা বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে আইজিপি পুলিশ লাইন্সে পৌঁছালে একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি পুলিশ লাইন্সের পরিবেশ, সবুজায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং একটি গাছের চারা রোপণ করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!