জাতীয়

মাগুরায় মাসব্যাপী ‘শিল্প ও বাণিজ্য মেলা’ উদ্বোধন

আপডেট: এপ্রি ২৬, ২০২৬ : ০৫:৩৩ এএম
মাগুরায় মাসব্যাপী ‘শিল্প ও বাণিজ্য মেলা’ উদ্বোধন

মাগুরায় মাসব্যাপী ‘শিল্প ও বাণিজ্য মেলা’ উদ্বোধন করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার বিকেলে শহরের স্টেডিয়াম সংলগ্ন শিশু মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, মাগুরার শিল্প ও বাণিজ্য মেলার রয়েছে দীর্ঘ ঐতিহ্য। এই মেলার মাধ্যমে স্থানীয় কৃষক, উদ্যোক্তা ও কুটির শিল্পীরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের সামনে উপস্থাপনের সুযোগ পাচ্ছেন।

তিনি আরও বলেন, মেলা শুধু কেনাবেচার স্থান নয়, এটি একটি সাংস্কৃতিক মিলনমেলা। মাসব্যাপী সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে স্থানীয় কৃষ্টি ও সংস্কৃতির বিকাশ ঘটবে।

মন্ত্রী জানান, আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বিবেচনায় নিয়ে মেলার স্থান শহরের কেন্দ্র থেকে কিছুটা দূরে স্থানান্তর করা হয়েছে।

মাগুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ফরিদ হাসান খানসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!