পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থী যাতে পরীক্ষা দিতে না পারে, তা রাষ্ট্রের জন্য লজ্জাজনক। বাংলাদেশে কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে—এটাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
শনিবার দুপুরে রাঙ্গামাটি জেলার দুর্গম বরকল উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে এসএসসি পরীক্ষার্থী ইশিকা চাকমার পরীক্ষার বিষয়টি নিশ্চিত করতে গিয়ে তিনি এ কথা বলেন। ইশিকা চাকমা বরকলের জুনো পাহাড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ভূষণছড়া ইউনিয়নের দুর্গম জারুলছড়ি এলাকার এই শিক্ষার্থীর পরিবার প্রায় ৭ হাজার টাকার অভাবে তার এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না পারার কথা জানায়।
বিষয়টি জানার পরই মন্ত্রী দীপেন দেওয়ান তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে তার পরীক্ষার যাবতীয় খরচ বহনের ঘোষণা দেন। তিনি বলেন, “ইশিকার স্বপ্ন পূরণে যা প্রয়োজন, আমরা তা করব।”
ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী দেশের কোনো শিক্ষার্থী যাতে ঝরে না পড়ে, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
মন্ত্রী আরও জানান, দুর্গম এলাকার শিক্ষার্থীদের সহায়তায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারার ঘটনা আর ঘটবে না। নিজের শিক্ষাজীবনের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “আমিও সাধারণ ছাত্র ছিলাম। কঠোর পরিশ্রমের মাধ্যমেই আজকের অবস্থানে এসেছি। তোমরাও পারবে।”
উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি বরকলের মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান এবং কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে খনন কাজ শুরুর আশ্বাস দেন।
সভায় সভাপতিত্ব করেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়–য়া। উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. রিজাউল করিম, জোন কমান্ডার মেজর ফারহাত আন নাঈমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!