রাজধানীর বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তাদের জন্য বিকল্প স্থান নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি।
শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দেন। তিনি বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও নিরাপদভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, পুনর্বাসনের পাশাপাশি হকারদের নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র দেওয়া হবে, যাতে তাদের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।
এছাড়া রাজধানীর যানজট নিরসনে শিক্ষা প্রতিষ্ঠানের শুরু ও ছুটির সময় সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্কুল-কলেজের সামনে অনিয়ন্ত্রিত যানবাহন পার্কিংয়ের কারণে যানজট তৈরি হচ্ছে, যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ কয়েকটি এলাকায় সড়ক থেকে হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজউক ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট সংস্থার শীর্ষ কর্মকর্তারাও অংশ নেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!