জাতীয়

শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ : রাষ্ট্রপতি

আপডেট: এপ্রি ২৭, ২০২৬ : ০৫:১২ এএম
শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ : রাষ্ট্রপতি

বাংলার বাঘখ্যাত এ কে ফজলুল হক ছিলেন অসাধারণ প্রজ্ঞাবান, সাহসী ও বিচক্ষণ এক রাজনীতিবিদ—এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শেরে বাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। 

আজ সোমবার (২৭ এপ্রিল) দিবসটি পালন করা হচ্ছে। বাণীতে রাষ্ট্রপতি বলেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে শেরে বাংলা বঙ্গীয় আইন পরিষদের সদস্য, সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি (১৯১৬–১৯২১), কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭–১৯৪৩), পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪) ও গভর্নর (১৯৫৬–১৯৫৮)সহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, প্রায় অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে শেরে বাংলা গণমানুষের কল্যাণে কাজ করেছেন। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের নেতা হিসেবে তিনি অবিভক্ত বাংলার রাজনৈতিক অঙ্গনে অনন্য ভূমিকা রেখেছেন। রাষ্ট্রপতি বলেন, ১৯৩৬ সালে তিনি কৃষক প্রজা পার্টি এবং ১৯৫৩ সালে শ্রমিক-কৃষক দল প্রতিষ্ঠা করেন। তাঁর উদ্যোগে গঠিত ঋণ সালিশি বোর্ড কৃষকদের ঋণের বোঝা থেকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি উল্লেখ করেন, প্রজাস্বত্ব আইন, মহাজনি আইন, দোকান কর্মচারী আইনসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ শেরে বাংলার দূরদর্শী নেতৃত্বেরই প্রমাণ, যা এ অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রেখেছে।

রাষ্ট্রপতি বলেন, ১৯৪০ সালের ২৩ মার্চ মুসলিম লীগের সম্মেলনে শেরে বাংলা যে ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ উত্থাপন করেন, তাতে স্বাধীন রাষ্ট্রের ধারণা উঠে আসে, যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পথকে প্রভাবিত করে। বাণীতে তিনি আশা প্রকাশ করেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম শেরে বাংলার আদর্শ, প্রজ্ঞা ও নেতৃত্ব অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। রাষ্ট্রপতি আরও বলেন, কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের উন্নয়নে শেরে বাংলার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!