বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত দুই জোড়া কমিউটার ট্রেনের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (২৭ এপ্রিল) পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
চুক্তি বাতিল হওয়া ট্রেনগুলো হলো খুলনা–বেনাপোল–খুলনা রুটের ‘বেতনা কমিউটার’ (৫৩/৫৪) এবং মোংলা–বেনাপোল–মোংলা রুটের ‘মোংলা কমিউটার’ (৯৫/৯৬)।
রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স এইচ অ্যান্ড এম ট্রেডিং করপোরেশনের সঙ্গে গত বছরের ২২ ডিসেম্বর ট্রেন দুটি পরিচালনার জন্য চুক্তি সই হয়েছিল। তবে চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ট্রেন পরিচালনা বাবদ ভাড়া, ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ উৎসে কর পরিশোধ করতে পারেনি প্রতিষ্ঠানটি।
এতে চুক্তির শর্ত ভঙ্গ হওয়ায় ১১ নম্বর ধারা অনুযায়ী ২৮ এপ্রিল থেকে প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল বলে গণ্য হবে।
পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (প্যাসেঞ্জার) মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, চুক্তি বাতিলের বিষয়টি সংশ্লিষ্ট সব দপ্তরকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যাত্রীসেবা সচল রাখতে বিকল্প ব্যবস্থার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!