তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সততা ও দূরদর্শী নেতৃত্ব তাকে রাজনীতিতে অনুপ্রাণিত করেছে। এ কারণে তিনি ও তার পরিবার জিয়া পরিবারের কাছে কৃতজ্ঞ বলে মন্তব্য করেন।
রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “আমি ব্যক্তিগতভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। তাঁর দেখানো পথেই আমি জনসেবার দীক্ষা পেয়েছি এবং সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি।”
তিনি আরও বলেন, তার বাবাও এই সংসদের সদস্য ছিলেন এবং সেই ধারাবাহিকতায় তিনিও সংসদে কাজ করার সুযোগ পেয়েছেন। এ জন্য তিনি জিয়া পরিবারের প্রতি “চিরঋণী” বলে উল্লেখ করেন।
বিরোধীদলকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী সতর্কবার্তা দিয়ে বলেন, এমন কোনো কর্মকাণ্ড করা উচিত হবে না যাতে দেশে “ফ্যাসিবাদী শক্তি” আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তিনি বলেন, দায়িত্বশীল রাজনৈতিক আচরণ ছাড়া দেশের স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়।
নিজের নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৯ (নান্দাইল) প্রসঙ্গে তিনি বলেন, এলাকার জনগণই তার শক্তির উৎস। তিনি এলাকার উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি নান্দাইলের সড়ক অবকাঠামোর দুরবস্থার বিষয়টি সংসদে তুলে ধরে তা সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ভিআইপি মুভমেন্ট বন্ধ করে সাধারণ মানুষের সড়ক ব্যবহারের সুবিধা নিশ্চিত করেছে, যা তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতের “অন্যায় ও অনিয়মের” কারণেই তাদের দেশ ছাড়তে হয়েছিল। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো দলীয় সম্পত্তি নয়, বরং জনগণের সনদ। কেউ এটিকে ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ব্যবহার করলে তা আত্মঘাতী হবে বলেও সতর্ক করেন তিনি।
সংসদে তিনি বিরোধীদলকে গঠনমূলক রাজনীতির আহ্বান জানিয়ে বলেন, অপ্রয়োজনীয় বিতর্ক নয়, দেশের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করাই জরুরি।
No comments yet. Be the first to comment!