জাতীয়

কৃষি খাতে সহযোগিতা জোরদারের আলোচনা বাংলাদেশ–পাকিস্তানের

আপডেট: এপ্রি ২৮, ২০২৬ : ০৫:০৭ এএম
কৃষি খাতে সহযোগিতা জোরদারের আলোচনা বাংলাদেশ–পাকিস্তানের

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তান পারস্পরিক আগ্রহ প্রকাশ করেছে। সোমবার সচিবালয়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাণিজ্য, গবেষণা, শিক্ষা ও প্রযুক্তি বিনিময়সহ বিভিন্ন বিষয় উঠে আসে।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষিকে রপ্তানিমুখী করার লক্ষ্যে সরকার আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ এবং উচ্চফলনশীল ফসল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, দেশের কৃষি খাতকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে গভীর সমুদ্রের সম্পদ বিশেষ করে মৎস্য আহরণের টেকসই প্রযুক্তি উন্নয়নে কাজ চলছে। এ ক্ষেত্রে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য তিনি পাকিস্তানের প্রতি আহ্বান জানান।

বৈঠকে কৃষিমন্ত্রী পাকিস্তানকে বাংলাদেশ থেকে আনারস আমদানির বিষয়টিও প্রস্তাব করেন। অন্যদিকে, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, পাকিস্তান বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী। তিনি জানান, পাকিস্তানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কৃষি ও ভেটেরিনারি বিষয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ রয়েছে।

তিনি দুই দেশের কৃষি ও প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিনিময় ও যৌথ গবেষণার সম্ভাবনার কথাও তুলে ধরেন।

হাইকমিশনার আরও বলেন, উন্নত জাতের গরুর সঙ্গে সংকরায়ণের মাধ্যমে দেশীয় গরুর উৎপাদন বাড়ানো সম্ভব। পাশাপাশি পাকিস্তান থেকে চাল, ভুট্টা, তুলা ও ফল রপ্তানি এবং বাংলাদেশে কৃষিযন্ত্র সরবরাহের আগ্রহের কথাও জানান তিনি।

কৃষিমন্ত্রী পাকিস্তানের এসব আগ্রহকে স্বাগত জানিয়ে দুই দেশের মধ্যে কৃষিখাতে সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!